জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থিতার বিষয়ে আওয়ামী লীগের সঙ্গে জাপার আলাপ হয়েছে। আজকালের মধ্যে আওয়ামী লীগ সিদ্ধান্ত জানাবে। আশা করছি, এ নির্বাচনে তারা জাপার প্রার্থীকে সমর্থন দেবে। গতকাল রবিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বিভাগীয় সাংগঠনিক টিমের যৌথসভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।
জাপা মহাসচিব জানান, উপনির্বাচন পরিচালনার জন্য পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে আহ্বায়ক এবং তাকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। জাপার প্রার্থী রাহগির আল মাহির (সাদ এরশাদ) পক্ষে ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে কাজ শুরু হয়েছে। রাঙ্গা জানান, রংপুর উপনির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী ও এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার জাপার কেউ নন। এরশাদ নিজেই আসিফকে দল থেকে বহিষ্কার করেছিলেন।
জাপা চেয়ারম্যান জি এম কাদেরের সভাপতিত্বে বিভাগীয় সাংগঠনিক টিমের এই যৌথ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, গোলাম কিবরিয়া টিপু, এস এম ফয়সল চিশতি, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, আলমগীর সিকদার লোটন প্রমুখ।