ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধে হারলে পরমাণু যুদ্ধের আশংকা ইমরান খানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, প্রথাগত যুদ্ধে ভারতের কাছে হেরে যেতে পারে তার দেশ। সেক্ষেত্রে পরমাণু যুদ্ধের সম্ভাবনা বাড়তে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাত্কারে ইমরান খান বলেন, দুই পরমাণু শক্তিধর দেশ যখন প্রচলিত যুদ্ধে লড়াই করে তখন সেই যুদ্ধই শেষে গিয়ে পরমাণু যুদ্ধে পরিণত হয়। আল্লাহ যেন না করেন, যদি কেউ প্রচলিত যুদ্ধে হেরে যাওয়ার মুখে এসে দাঁড়ায়, তখন কোনো দেশকে হয় আত্মসমর্পণ করতে হয় অথবা স্বাধীনতার জন্য আমৃত্যু লড়তে হয়। আমি জানি, স্বাধীনতার জন্য পাকিস্তান মৃত্যু পর্যন্ত লড়াই করবে। আর যখন পরমাণু শক্তিধর দেশ এই লড়াই করে তখন তা ভয়ংকর হয়। সেজন্যই আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে যাচ্ছি।

পাকিস্তানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই এক টুইট বার্তায় কাশ্মীরের পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের নেতাদের কাছে অনুরোধ, কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ নিন। কাশ্মীরিদের কথা শুনুন এবং শিশুদের নিরাপদে স্কুলে পাঠাতে সহায়তা করুন। -ইন্ডিয়া টাইমস ও আনন্দবাজার পত্রিকা