স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসির জোড়া গোলে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিয়লকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ডার্বি ম্যাচে অধিনায়কের এমন পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেছেন দলের কোচ আর্নেস্তো ভালভার্দে।
গেল কিছুদিন ধরে দারুণ ছন্দে খেললেও সময়টা ঠিক ভালো যাচ্ছিলো না মেসির। ফিফা বর্ষসেরার সর্বশেষ তালিকায় না থাকার পরে ছিলেন না ব্যালন ডি’অরের সেরা তিনেও। সেখানে পঞ্চম স্থান অধিকারের সাথে সাথে জুটেছিলো ব্রাজিল কিংবদন্তি পেলের সমালোচনা।
এদিন কাতালান ডার্বিতে যেন সব উপেক্ষা-সমালোচনাকে ফিরিয়ে দেবার পণ নিয়েই নেমেছিলেন বার্সা অধিনায়ক। তার দুর্দান্ত ফ্রিকিকেই ১৭ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। অধিনায়কের এমন নৈপুণ্যে উজ্জীবিত হয়েই কিনা সতীর্থ উসমান দেম্বেলেও ছিলেন বেশ সপ্রতিভ। ২৬ মিনিটে মেসির বাড়ানো বল বক্সের বাম প্রান্তে পান ফরাসি উইঙ্গার। এরপর পায়ের শৈলীতে প্রতিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে দূরের পোস্টে শট নিয়ে গোলের খাতায় নাম লেখান তিনি। বিরতির ঠিক আগে প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে সুয়ারেজ লক্ষ্যভেদ করলে তিন গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে শিরোপাধারীরা।
৬৫ মিনিটে বক্সের বাম পাশ থেকে ফ্রিকিক পায় বার্সা প্রতিপক্ষ গোলরক্ষককে বোকা বানিয়ে এবারও গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভালভার্দের শিষ্যরা। এর ফলে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো কাতালানরা।
ফ্রিকিক থেকে এমন গোলের কৃতিত্ব ভাগ্য আর সংস্কারকে ভাগ করে দেন আর্জেন্টাইন তারকা। মেসি জানান, ফ্রিকিক থেকে সাফল্য পেতে একটা সংস্কার মানেন তিনি। বার্সা অধিনায়কের ভাষায়, ‘আমি একটা সংস্কার মানার চেষ্টা করি, সবকিছু একইভাবে করার চেষ্টা করি যেন সবকিছু ঠিকঠাকভাবেই হয়।’
তবে মেসি জানান- এমন ফ্রিকিকে এমন সাফল্য পেতে কিছুটা ভাগ্যের সহায়তারও প্রয়োজন হয় তার। তিনি বলেন, ‘কিন্তু কখনো কখনো আমি অনেক ফ্রিকিক পেয়েও কাজে লাগাতে পারি না। আজ ভাগ্য ভালো ছিলো বলে এক ম্যাচেই দুটো পেয়ে গেলাম।’
জোড়া গোল করে লা লিগার গোলদাতাদের তালিকার চূড়ায় তো উঠেছেনই, অনন্য এক কীর্তিও গড়েছেন মেসি। লা লিগা ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গড়েছেন টানা ১৩ মৌসুমে কমপক্ষে ১০ গোল করার রেকর্ড।
এই খেলায় দুটি ফ্রি কিক থেকে লক্ষ্যভেদ করায় শেষ চার মৌসুমে ফ্রি কিক থেকে তার গোলসংখ্যা গিয়ে দাঁড়ালো ১৯ এ। তার কাছাকাছি তো কোনো খেলোয়াড় নেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এই সময়ে দলগতভাবেও এরচেয়ে বেশি গোল নেই কোনো দলের। কাছাকাছি থাকা জুভেন্তাস শেষ চার মৌসুমে ১৮ গোল করেছে ফ্রি কিক থেকে।
কেবল দুটো ফ্রি কিকই নয়, মেসি বেশ ছন্দে ছিলেন পুরো ম্যাচজুড়েই। এমন পারফর্মেন্সের পর কোচের কণ্ঠে ঝরে পড়লো মেসি-স্তুতিই। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেন, ‘লিও যে কোনো ম্যাচকে সহজ করে দেয়ার ক্ষমতা রাখে। তার খেলা উপভোগ করতে পারাটা ভালো ব্যাপার কেননা আমরা এমন একটি যুগে বসবাস করছি যার পুনরাবৃত্তি করা সম্ভব নয়।’
বার্সা কোচের বিশ্বাস ফ্রি কিক থেকে হ্যাটট্রিক করার ক্ষমতাও রাখেন তার শিষ্য। ভালভার্দের ভাষায়, ‘যদি কেউ শুধু সেটপিস থেকে হ্যাটট্রিক করার সামর্থ্য রাখে তাহলে সেটা সেই, কিন্তু এমন কিছু করা নিয়ে মাথা ঘামায় না সে।’
দিনের অন্য ম্যাচে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা সেভিয়া ১-১ গোলে ড্র করেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। আর নিকোলা কালিনিচ, অ্যান্টোনিও গ্রীজম্যান এবং রদ্রির লক্ষ্যভেদে দেপোর্তিভো আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।