রহমতগঞ্জকে তুললেন জুনাপিও

স্পোর্টস রিপোর্টার

রহমতগঞ্জ ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে দারুণভাবে। সিউ জুনাপিওর জোড়া গোলে দলটি ৩-০ গোলে নোফেল ক্লাবকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে শেষ আট নিশ্চিত করে।

গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ‘বি’ গ্রুপের খেলায় রহমতগঞ্জের এ জয়ে হেরে যায় মোহামেডানও। রহমতগঞ্জ তিন গোলে এগিয়ে গেলে তখন মাঠের বাইরে থাকা মোহামেডান দল বুঝে যায় তাদের বিদায় ঘটতে চলেছে। কারণ শেষ আটে উঠতে হলে এরপর তাদেরও এই ব্যবধানে জিততে হতো।

কঙ্গোর ফুটবলার জুনাপিও ৬৩ এবং ৮১ মিনিটে দুর্দান্ত গোল দুটি করেন। এর আগে ৩৬ মিনিটে রাকিবুল রহমতগঞ্জের পক্ষে গোলের সূচনা করেন। জুনাপিওর শেষ গোলটি দেখার মতো ছিল। সাইড লাইন ধরে বক্সে ঢুকে পাওয়ারফুল শট করেন। বল গোল হয়ে জালে বাড়ি খেয়ে বাইরে চলে আসে। এই গোলটি দেখেই ওয়ার্মআপরত মোহামেডান ফুটবলাররা নিজেদের থামিয়ে দেন। মাঠে তাকিয়ে রহমতগঞ্জের উল্লাস দেখে। কারণ তারা বুঝে গেছে মাঠে নেমে আর কাজ হবে না। নামকাওয়াস্তে নামতে হবে।