লেভান্ডোভস্কির গোলে বায়ার্নের জয়

শিরোপাধারী বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় নার্নবার্গকে ৩-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের নবম মিনিটেই পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কির গোলে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। ২৭ মিনিটে এই ফরোয়ার্ড ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেলে বিরতির আগেই দুই গোলে এগিয়ে যায় জার্মান চ্যাম্পিয়নরা। ৫৬ মিনিটে গোলের দেখা পান ফরাসি উইঙ্গার ফ্র্যাঙ্ক রিবেরি। ম্যাচের বাকি সময়ে আরও সুযোগ সৃষ্টি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি নিকো কোভাচের শিষ্যরা। ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এই জয়ের ফলে ১৪ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। সমানসংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বরুসিয়া ডর্টমুন্ড।