যশোর অফিস
যশোরের শার্শার পোড়াবাড়ী গ্রামে সুগন্ধি জাতের সিডলেস (বীজহীন) লেবুর চারার বাণিজ্যিক চাষে সফল হয়েছেন চাষি আনোয়ার হোসেন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই এখন সুগন্ধি জাতের এ লেবু চাষের প্রতি ঝুঁকছেন।
বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্র যশোরের সহায়তায় উপজেলার পোড়াবাড়ী গ্রামের কৃষক আনোয়ার হোসেন দুই বছর আগে এক বিঘা জমিতে এ লেবুর চাষ করেন। লেবুচাষি আনোয়ার হোসেন বলেন, গত বছর এক বিঘা জমিতে ৫০ হাজার টাকার লেবু ও লেবুর গুটি কলম চারা বিক্রি করেছি। চলতি মৌসুমে একই জমি থেকে প্রায় তিন লাখ টাকার লেবুর গুটি কলম চারা তৈরি করে বিক্রি করেছি।
তিনি বলেন, প্রতিটি লেবুগাছে বাছাই করা এবং নির্দিষ্ট ডালে বিশেষ পদ্ধতিতে রুট হরমোন অর্থাত্ বীজ গজানো হরমোন লাগিয়ে তৈরি করা হচ্ছে গাছের গুটি কলম চারা। উত্পাদিত এসব কলম চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে নড়াইল, মাগুরা, ঝিনাইদহসহ বিভিন্ন জেলায়।
উপজেলার পোড়াবাড়ী গ্রামের আলমগীর হোসেন বলেন, আনোয়ার ভাইয়ের লেবুর বাগান দেখে আমিও বাগান করার জন্য এখানে চারা নিতে এসেছি। ঝিকরগাছা এলাকার বারেক গাজি জানান, এখানকার চারার মান ভালো হওয়ার কারণে চারা নিতে এসেছি।
বিএডিসি উদ্যান উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত যুগ্ম পরিচালক খোরশেদ আলম বলেন, আনোয়ার হোসেনের এই বাগানের জন্য আমরা যশোরের হর্টিকালচার সেন্টার থেকে বারোমাসি সুগন্ধি জাতের সিডলেস লেবুর চারা সংগ্রহ করি। তারপর এই জমিতে প্রদর্শনি প্লট করা হয়। সেখান থেকেই আজকের এই বাগান।