অপহরণ করে ধর্ষণ, যুবক গ্রেফতার

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

সিলেটের জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নে ধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ছাতারখাই গ্রামের মৃত আলাউর রহমানের ছেলে মারুফকে (২০) সোমবার আদালতে পাঠান হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলা দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে এক তরুণীকে সিএনজি অটোরিকশায় অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায় মারুফ। পরে গভীর রাতে মুখ বাঁধা অবস্থায় ধর্ষণের শিকার ঐ তরুণীকে বাড়ির কাছে এনে ফেলে যায়। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ হেফাজতে ওসিসিতে ঐ তরুণীকে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়ের পিতা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বণিক সিলেট জেলার নাইওরপুল এলাকায় অভিযান পরিচালনা করে মারুফকে (২০) গ্রেফতার করে। অফিসার ইনচার্জ শ্যামল বণিক জানান, থানায় একটি অপহরণ এবং দুটি ধর্ষণ মামলা হয়। পরে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদালতে প্রেরণ করা হয় মারুফকে। ভিকটিম হাসপাতালে ভর্তি রয়েছে।