পূূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় হালনাগাদ ভোটার তালিকার ছবি তুলতে গিয়ে স্থানীয়দের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে রুবেল আহমেদ ও রেজাউল নামে দুই পুলিশ সদস্যসহ এক আনসার সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ আ. রহমান, সেলিম খাঁন, মিঠু সরকার ও মামুন নামের চার জনকে আটক করেছে। রবিবার বিকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ সদস্য রেজাউলকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান মিজান জানান, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে হালনাগাদ ভোটার তালিকার ছবি তোলার সময় কতিপয় জনতা লাইনে দাঁড়াতে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এ সময় কর্তব্যরত পুলিশ কনস্টেবল মো. রুবেল মিয়া ও রেজাউল উপস্থিত লোকজনকে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়াতে বললে এ নিয়ে তাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় কুচখালী গ্রামের আলমের নেতৃত্বে কতিপয় লোক পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল মো. রুবেল আহমেদ ও রেজাউলসহ এক আনসার সদস্য আহত হয়।
এ ঘটনায় তাত্ক্ষণিক পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করে।
এ ব্যাপারে কনস্টেবল মো. রুবেল আহমেদ বাদী হয়ে কুচখালী গ্রামের আ. রহমানের ছেলে আলমকে প্রধান আসামি করে নয় জন ও আরো পাঁচ/ছয় জনকে অজ্ঞাতনামা আসামি করে পূর্বধলা থানায় মামলা করেন।