চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার কাটেঙ্গা-বরদানগর নৌ-ঘাটে একটি সেতুর অভাবে ১৫ গ্রামের কয়েক হাজার মানুষ পারাপার হচ্ছে খেয়া নৌকায়। দীর্ঘ সময় অপেক্ষার পর এক পাড় থেকে অপর পাড়ে যেতে নানা দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। উপজেলার গুমানী নদীর কাটেঙ্গা-বরদানগর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আ. মান্নান মাস্টার জানালেন, গ্রামগুলোর সব রাস্তাই কাঁচা। একটু বৃষ্টি হলেই রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে চলাচল দুরূহ হয়ে যায়। রোগীদের হাসপাতালে নিতে গিয়ে আরো দুর্ভোগে পড়তে হয়। বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের ঝুঁকি আরো বেড়ে যায়। কৃষক তাদের উত্পাদিত ফসল হাট-বাজারে নিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। এলাকাবাসী এখানে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন। কিন্তু কোনো অগ্রগতি নেই। এ ব্যাপারে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান খোকন বলেন, ইতিমধ্যে সেখানে সেতু নির্মাণের অনুমোদন হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই নির্মাণ কাজ শুরু হবে।
চাটমোহর উপজেলা প্রকৌশলী রাজু আহমেদ জানান, সেতুটির নকশার কাজ চলছে। অনুমোদন হলেই দরপত্র শেষে সেতুর কাজ শুরু হবে।