মঠবাড়িয়ায় গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা

মঠবাড়িয়ায় ১৯ বছর বয়সী এক গৃহকর্মীকে গণধর্ষণের অভিযোগে ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ সোমবার ওই গৃহপরিচারিকার ডাক্তারি সনদের জন্য পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়।

এ ঘটনায় রবিবার রাতে ভূক্তভোগি গৃহকর্মী বাদী হয়ে উপজেলার দাউদখালী গ্রামের আফজাল খানের ছেলে সুমন খান, ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার ও জিয়াম হাওলাদারের ছেলে রাজু হাওলাদারসহ অজ্ঞাত আরও দুইজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দাউদখালী গ্রামের ওই তরুণী পার্শ্ববর্তী দেবত্র গ্রামের গৃহস্থ আজাদুর রহমানে্র বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গৃহকর্তার বাড়িতে যাওয়ার পথে সংঘবদ্ধ আসামিরা মেয়েটির পথ রোধ করে মুখ কাপড় চেপে স্থানীয় সাতঘর সরকারী ক্লিনিকের ছাদে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। মেয়েটির চিত্কারে মাছশিকারি আব্দুর রহমান ক্লিনিকের ছাদ থেকে তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ  মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটিকে পুলিশ হেফাজতে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।