শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
শ্যামনগর উপজেলার গাবুরায় দৃষ্টিনন্দন ট্রলারঘাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় খোলপেটুয়া নদীতে উত্তাল জোয়ারে দুই শতাধিক বাঁধ নদীতে ধসে পড়ে। এসময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়।
গাবুরা সাবেক ইউপি সদস্য ফিরোজ হোসেন জানান, পাউবো কর্তৃপক্ষকে বারবার বলার পরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ভাঙন সৃষ্টি হলে সংশ্লিষ্টরা তখনই নড়ে চড়ে বসেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, তাত্ক্ষণিক বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ রক্ষার কাজ চলছে। দ্রুত সংস্কার না হলে সরকারের অর্থায়নে সুপেয় পানির জন্য দৃষ্টিনন্দন প্রকল্পটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এতে গাবুরার মানুষ সুপেয় পানি থেকে বঞ্চিত হবে। তাছাড়া দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টারসহ ফুটবল খেলার একমাত্র মাঠটি নোনা পানিতে তলিয়ে যাবে। পাউবো বেড়িবাঁধের অধিকাংশ স্থান ঝুঁকিপূর্ণ।
সংশ্লিষ্ট ১৫ নম্বর পোল্ডারের দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।