মঞ্চে লোক নাট্যদলের ‘সোনাই মাধব’

ইত্তেফাক রিপোর্ট

ময়মনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলি যাত্রা ‘সোনাই মাধব’ নতুন আঙ্গিকে আবার এলো মঞ্চে। লোক নাট্যদল প্রযোজিত এ নাটকে আগে নারী চরিত্রগুলোতে ছেলেরা অভিনয় করত; কিন্তু নতুন আঙ্গিকে এবার ‘সোনাই মাধব’ নাটকটিতে নারী চরিত্রগুলোতে নারীরাই অভিনয় করছে। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে ব্যবহূত গানের সুরারোপ করেছেন দীনেন্দ্র চৌধুরী। নাটকটির নির্দেশনা, পরিকল্পনা, সংগীত পরিচালনা করেছেন লিয়াকত আলী লাকী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোকসানা আক্তার রূপসা, মো. জাহিদুল কবির লিটন, লিয়াকত আলী লাকী, রহিমা খাতুন নীলা, উম্মে মরিয়ম রুমা, কিশোয়ার জাহান, এম এ মোমেন, আজমেরী এলাহী নীতি, আব্দুল্লাহেল রাফি তালুকদার, শায়লা আহমেদ, শিশির, রওশন হোসেন, সাদমান তারিফ প্রত্যয়, তাজুল ইসলাম মুন্সি প্রমুখ।

সোনাই-মাধব মূলত সোনাই এবং মাধবের প্রেম এবং চির বিচ্ছেদের কাহিনি। আর এর মধ্য দিয়ে ফুটে উঠেছে মানব সমাজের বিভিন্ন দিক। কারো লালসার কারণে যে মানুষের জীবনে বিপর্যয় নেমে আসে তা-ই এ পালায় বোঝানো হয়েছে।