খুলনা মেডিক্যালে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিনিধি
রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৫৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয় ৬১৯ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানানো হয়েছে।
গত জানুয়ারি থেকে গতকাল সোমবার পর্যন্ত সারাদেশে ডেঙ্গু রোগের চিকিত্সা শেষে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৭৯ হাজার ১২৯ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ভর্তিকৃত রোগীর সংখ্যা ২ হাজার ৫০৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকায় ১৯৩ জন, ঢাকার বাইরে ৪৬০ জন। অপরদিকে এ পর্যন্ত ৬৮ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করা হয়েছে। আইইডিসিআরের জানায়, মোট ২০৩ জন নারী-পুরুষ ও শিশুর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে সন্দেহ পর্যালোচনার জন্য রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে চিকিত্সা-সংক্রান্ত সব কাগজপত্র আইইডিসিআরে পাঠানো হয়। এর মধ্যে ১১৬ জনের মৃত্যু পর্যালোচনা করে ৬৮ জনের মৃত্যু ডেঙ্গুতে হয়েছে বলে নিশ্চিত করেছে ডেথ রিভিউ কমিটি।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আট মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার রাত ১২টার দিকে রাফিত নামের শিশুটি মারা যায়। সে যশোরের মনিরামপুর উপজেলার মো. কামরুজ্জামানের ছেলে। রবিবার বিকাল ৪টার দিকে রাফিতকে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়।