অপকর্ম করে কেউ ছাড় পাবে না :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর নিজস্ব সংস্থার পাশাপাশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। যেসব নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে গেছে, তারা কেউই ছাড় পাবে না। সবার বিরুদ্ধেই দলীয় ব্যবস্থা নেওয়া হবে। দলের যত বড়ো নেতাই হোন না কেন, অপকর্ম করে কেউ ছাড় পাবে না। অনেকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে। গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে বিআরটিসি ভবনের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এছাড়া অভিযোগবিদ্ধ যুবলীগ নেতাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাজ পর্যবেক্ষণে রাখা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যুবলীগ নিজেরাই উদ্যোগ নিয়ে এ ব্যাপারে ট্রাইব্যুনাল গঠন করেছে। শুনানির ব্যবস্থা করেছে, এটি শুভ উদ্যোগ। যুবলীগ নিজেদের সংকট, অনিয়মের অভিযোগ সমাধান করবে। এটা আমরা পর্যবেক্ষণ করব।

জঙ্গি দমনের মতো চাঁদাবাজদের মোকাবিলা করা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এ ব্যাপারে প্রধানমন্ত্রী তথ্য পাচ্ছেন। দলের লোকের বাইরেও প্রধানমন্ত্রীর নিজস্ব সেল আছে। যত বড়ো নেতাই হোক, যত প্রভাবশালী ব্যক্তিই হোক, কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এ ব্যাপারে জোর তদন্ত চলছে। দলের ভেতরে কোনো অপরাধী থাকলে শুধু সাংগঠনিক নয়, আইনি ব্যবস্থাও নেওয়া হবে।’

বিআরটিসি কর্মকর্তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসিতে স্বচ্ছতা নিশ্চিত করা গেলে উক্ত প্রতিষ্ঠানে লাভ হবে। হেলপার নয়, দক্ষ ড্রাইভার দিয়ে গাড়ি চালানোর ব্যবস্থা করতে হবে। ড্রাইভারদের নিয়োগ দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। বিআরটিসি চেয়ারম্যানকে প্রতিষ্ঠানের ওপর নজরদারি করার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সঠিকভাবে দায়িত্ব পালন না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিআরটিসির গাড়ি ইজারা দেওয়া যাবে না। বিআরটিসির সাবেক চেয়ারম্যানকে ইঙ্গিত করে সেতুমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ অভিজ্ঞ হলেও তাকে প্রয়োজন নেই। এই সংস্থায় চেয়ারম্যান আসে আর যায়। আসার সময় শুনি তিনি সত্ মানুষ। কিছু দিন পরেই দেখি নানা অভিযোগ। বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহীসহ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।