জম্মু-কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফেরাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এজন্য সরকারকে সব ধরনের পদক্ষেপ নিতে ব্যবস্থা নেওয়ার আহবান জানানো হয়েছে। গতকাল ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। প্রধান বিচারপতি বলেছেন, তিনি পরিস্থিতি দেখতে নিজেই শ্রীনগর যাবেন। একইসঙ্গে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা গুলাম নবী আজাদকে কাশ্মীর পরিদর্শনের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার
কাশ্মীরের শীর্ষ রাজনৈতক নেতারা গ্রেফতার বা গৃহবন্দি। বাকি ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। এমনকি হাইকোর্টে মামলা করার পরিস্থিতি পর্যন্ত নেই। ৩৭০ অনুচ্ছেদ রদের পর উপত্যকার এমন পরিস্থিতি নিয়ে একাধিক মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহেরমুক্তির আবেদন জানিয়ে একটি মামলা দায়ের করেন ডিএমকে নেতা ভাইকো। অন্য একটি মামলায় দাবি করা হয়, ফারুক অব্দুল্লাহকে সুপ্রিম কোর্টের সামনে হাজির করাতে হবে। ইতোমধ্যে ফারুক আব্দুল্লাহকে জননিরাপত্তা আইনে গ্রেফতার দেখানো হয়েছে। তার বাবা শেখ আব্দুলাহের পাশ করানো আইনেই তাকে গ্রেফতার করা হয়। আবার মোবাইল-ইন্টারনেট ও উপত্যকার সাধারণ মানুষের উপর নিয়ন্ত্রণের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে।
গতকাল সেই মামলাগুলোর শুনানি হয় প্রধান বিচারপতি, বিচারপতি এ এস বোবদে এবং এস এ নাজিরের সাংবিধানিক বেঞ্চে। একটি মামলায় বর্ষীয়ান আইনজীবী হাফেজা আহমদী বলেন, ৩৭০ অনুচ্ছেদ রদের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি এমন যে সেখানে হাইকোর্টে মামলা করার মতো পরিস্থিতি নেই। তাই সেখানকার শিশুদের ঘরবন্দি রাখার অভিযোগ তুলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। প্রধান বিচারপতি হুঁশিয়ারি দেন, জাতীয় স্বার্থের কথা কেন্দ্র যেন ভুলে না যায়। উপত্যকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে প্রতিটি পদক্ষেপ যেন সংবিধান মেনে করা হয়।
প্রধান বিচারপতি বলেন, দরকার হলে তিনি নিজে কাশ্মীরে গিয়ে হাইকোর্টে মামলা করার পরিস্থিতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবেন। তিনি আরো বলেন, জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে কথা বলবেন। তবে অভিযোগ মিথ্যা হলে ফল ভোগ করতে হবে-এই ভাষায় আইনজীবী আহমদীকে সাবধান করে দেন প্রধান বিচারপতি। কেন্দ্র অবশ্য মনে করছে, পরিস্থিতি ততটা খারাপ নয়। বরং আগের চেয়ে আরও অনেক ভাল।