সদর উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ জনকে জেলহাজতে প্রেরণ

নড়াইলে ট্র্যাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামানসহ চার জনকে পিটিয়ে আহত করার ঘটনায় সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল মাহমুদ তুফানসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় আটক অন্য দুজন হলেন নাজমুল হাসান ও মেহেদী হাসান। আহত ট্র্যাফিক ইন্সপেক্টর বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ছয়-সাত জনের নামে সরকারি কাজে বাঁধা, বিশৃঙ্খলা সৃষ্টি, বলপ্রয়োগ এবং পিটিয়ে আহত করার ঘটনা উল্লেখ করে সদর থানায় মামলা করেন। এদিকে, গ্রেফতারকৃত তোফায়েল মাহমুদ তুফানসহ ৩ জনের পক্ষে সদর আমলি আদালতে জামিনের আবেদন এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রজত কুমার মণ্ডল রিমান্ডের আবেদন করলে বিচারক মো. জাহিদুল আজাদ জামিন এবং রিমান্ড শুনানির জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

নড়াইল  ট্র্যাফিক পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) জিহাদ হাসান জানান, রবিবার সন্ধ্যায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল ট্র্যাফিক মোড় সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালক এক তরুণকে আটক করে ট্র্যাফিক পুলিশ। উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান প্রথমে ট্র্যাফিক পুলিশকে ফোন করে কাগজপত্রহীন গাড়িটি ছেড়ে দেয়ার জন্য বলেন। কিন্তু না ছাড়ার কারণে পরে তুফানসহ ৯-১০ জন এসে ট্র্যাফিক পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ট্র্যাফিক পুলিশের ইন্সপেক্টর (প্রশাসন) মো. মনিরুজ্জামান, ট্র্যাফিক সার্জেন্ট শাহ জালাল, টিএসআই সরোয়ার আলম এবং কনস্টেবল নজরুল আহত হন। মো. মনিরুজ্জামান সদর হাসপাতালে চিকিত্সাধীন। বাকিদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।