বিয়ের কথা বলে নার্সকে রাতভর ধর্ষণ করল কথিত প্রেমিক ও তার তিন বন্ধু

বিবাহর কথা বলে এক তরুণীকে (১৭) ডেকে এনে তার প্রেমিক ও তিন বন্ধু মিলে গণধর্ষণ করেছে। ঐ তরুণী পেশায় নার্স। গত রবিবার রাতে উপজেলার কুটিরচর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করেছে কামারখন্দ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—কামারখন্দ উপজেলার কুটিরচর গ্রামের দুলাল শেখের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং একই এলাকার মুকাদ্দেস আলীর ছেলে নাইমুল হক (২০)। ধর্ষণের শিকার ঐ তরুণী উল্লাপাড়া উপজেলার বামনগিয়ালা গ্রামের বাসিন্দা ও স্থানীয় কেয়ার হাসপাতালের নার্স।

মামলার এজাহার ও গণধর্ষণের শিকার ঐ তরুণীর বড়ো ভাই সূত্রে জানা যায়, গত রবিবার কথিত প্রেমিক আশরাফুল বিবাহর কথা বলে ঐ তরুণীকে উল্লাপাড়া থেকে কামারখন্দের কুটিরচর এলাকায় নিয়ে আসে। এসময় আশরাফুলের সঙ্গে তার তিন বন্ধু নাইমুল, মেহেদী ও সৌখিন ছিল। পরে কুটিরচর এলাকার একটি নির্মাণাধীন ভবনে ঐ তরুণীকে ধর্ষণ করে আশরাফুল। মধ্যরাত থেকে আশরাফুলের বন্ধুরা তার সঙ্গে যোগ দেয়। রাতভর ধর্ষণ শেষে ভোর রাতে ঐ তরুণীকে ফেলে চার বন্ধু পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় ঐ তরুণীর ভাই বাদী হয়ে গতকাল সোমবার দুপুরে অভিযুক্ত চার জনের নাম উল্লেখ ও দুই জনকে অজ্ঞাত আসামি করে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, গণধর্ষণের শিকার তরুণীর ভাই বাদী হয়ে থানায় মামলা করেছেন। চার আসামির মধ্যে দুই জনকে গ্রেফতার করে সোমবার বিকালে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।