শূন্য হাতে সৌদি আরব থেকে দেশে ফিরলেন ১৭৫ শ্রমিক

সৌদি আরব থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন ১৭৫ জন বাংলাদেশি শ্রমিক। রবিবার দিবাগত রাত ১১টার পর সৌদি এয়ারলাইন্সের (এসভি-৮০৪) ফ্লাইটে তারা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  এসে পৌঁছান।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বিমানবন্দরে সংবাদ কর্মীদের জানান, দেশে ফিরে আসা শ্রমিকদের ওয়েজ ওনার্স কল্যাণ বোর্ডের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে বিমানবন্দরে খাবার সরবরাহসহ নিরাপদে বাড়ি পৌঁছানোর জন্য জরুরি সহায়তা প্রদান করা  হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ফিরে বাংলাদেশি শ্রমিকরা জানান, সৌদি প্রশাসন প্রতিদিন শত শত বিদেশি কর্মীকে গ্রেফতার করছে। পরে তাদেরকে রিয়াদ ডিপোর্টেশন ক্যাম্পে নিয়ে যায়। সেখানে কয়েক হাজার বাংলাদেশি শ্রমিক বন্দি আছেন।

শ্রমিকদের অভিযোগ, বৈধ আকামা থাকা সত্ত্বেও তাদের জোর করে ধরে জেলখানায় নিয়ে যাওয়া হয়। অনেক ক্ষেত্রে মালিকপক্ষ আকামা নবায়ন করেনি বা তা বাতিল করে শ্রমিকদের দেশে পাঠিয়ে দিচ্ছেন। এক্ষেত্রে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস তাদের কোনো সহযোগিতা করেনি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই ব্যবস্থা নেওয়া না হলে সমস্যাটি বড় আকার ধারণ করার আশংকা রয়েছে।