প্রবাসীদের ভোটার করার সব প্রস্তুতি সম্পন্ন ইসির

প্রবাসীদের সংশ্লিষ্ট দেশেই ভোটার করে নিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখন কেবল সিঙ্গাপুর সরকারের অনুমতি পেলেই কার্যক্রম শুরু করা হবে। দেশটির সরকার কোন প্রক্রিয়ায় এবং কীভাবে এই কার্যক্রম শুরু করা হবে, তা জানতে চেয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম সোমবার ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবাসীদের এনআইডি-যত্ন সহকারে দেখা হচ্ছে। আমরা প্রত্যেক নাগরিকের সেবা দ্বারপ্রান্তে নেয়ার চেষ্টা করছি। আগে কেন্দ্রীয়ভাবে ঢাকা থেকে সকল সেবা দেয়া হতো। এখন সেবা বিকেন্দ্রীকরণ করা হচ্ছে। উপজেলাতেই যাতে এই সেবা দেয়া যায়, সেই চেষ্টা করছি। এজন্য নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে।

এনআইডি ডিজি বলেন, দ্বারপ্রান্তে সেবা দেয়ার জন্য প্রবাসীদের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বিশেষ ব্যবস্থা রেখেছি। সেখানে কোনো প্রবাসী প্রয়োজনীয় সকল তথ্য দিতে না পারলে, যেটুকু আছে দিয়ে যাবে, পরবর্তীতে যা দিতে পারেননি, তা অনলাইনে দেবেন। আমরা আঙুলের ছাপ রেখে দিই। পরে এভাবে কিন্তু এনাইডি দিচ্ছি।

কিন্তু প্রবাসে যারা আছেন, আমাদের সাইড থেকে সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছি। বিশেষ ফরম প্রস্তুত করেছি। বিধিবিধান সংশোধনের পদক্ষেপ গ্রহণ করেছি। এজন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দিয়েছি।

তিনি বলেন, এখন যে দেশে করতে যাবো, সিঙ্গাপুরকে বেছে নিয়েছিলাম। সেটার জন্য আমরা একটা টিম প্রেরণ করেছিলাম। সেখানেও কাজ শেষপর্যায়ে।