পুলিশকে সত্যিকার অর্থে জনবান্ধব করতে চাই --------- জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী নগরীর শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশ বিভিন্ন সময়ে অভিযান চালাচ্ছে। জনগণের সহযোগিতা পেলে আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এ মহানগরীকে শান্তিশৃঙ্খলাময়, মাদকমুক্ত, যানজটমুক্ত, পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে পারব। তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী পুলিশকে সত্যিকার অর্থে জনবান্ধব পুলিশে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ ব্যাপারে আমরা সফল হব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার সকালে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জিএমপির অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, উপকমিশনার মো. আরিফুল হক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মাজহারুল ইসলাম মাসুম প্রমুখ। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুপুরে সদর থানা প্রাঙ্গণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।