বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণে আলটিমেটাম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মো. নাসির উদ্দিনের অপসারণের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চ ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। দাবি মানা না হলে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করবেন বলে জানান তারা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কার করার প্রতিবাদে এ মানববন্ধন করেন তারা।  মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সংহতি প্রকাশ করেন ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির ও সাধারণ সম্পাদক মাহদী আল মুহতাসিম।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট প্রতিবেদন তৈরির জন্য উপাচার্যের কার্যালয়ে যান ‘ডেইলি সান’ পত্রিকার ক্যাম্পাস প্রতিবেদক জিনিয়া। এ সময় উপাচার্য তার কাছে ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসের ব্যাখ্যা চান। গত ১১ সেপ্টেম্বর জিনিয়াকে সাময়িক বহিষ্কার করা হয়।