খুলনায় জাতীয় ভ্যাট দিবসে সম্মাননা পাচ্ছে ২৫ প্রতিষ্ঠান

খুলনা অফিস

জাতীয় ভ্যাট দিবসে খুলনায় ২৫ প্রতিষ্ঠানকে সম্মাননা ও সনদপত্র প্রদান করা হবে। আজ সোমবার জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের আয়োজনে নগরীর হোটেল টাইগার গার্ডেন মিলনায়তনে খুলনা জেলা ও খাতভিত্তিক সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের এ সম্মাননা ও সনদপত্র প্রদান করা হবে।

রবিবার খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ মোস্তবা আলী। এ সময় উপস্থিত ছিলেন মংলা কাস্টমস কমিশনার সুরেশচন্দ্র বিশ্বাস ও অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

সম্মাননা প্রদানের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- খুলনা মহানগরীর দৌলতপুরের মেসার্স এসবি ফুড প্রোডাক্টস, বাগেরহাটের মোল্লাহাটের আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, সাতক্ষীরার বিনেরপোতার রনি প্লাইউড ইন্ডাস্ট্রিজ, বরিশালের হাটখোলার মোহাম্মাদী ইলেক্ট্রিক ওয়্যারস অ্যান্ড মাল্টি প্রোডাক্টস লিমিটেড, ঝালকাঠির সাবিহা কেমিক্যাল ওয়ার্কস, শরীয়তপুরের ড্যামুডার মনিকা কেমিক্যাল, পটুয়াখালির ইন্দ্যাকপুরের শিকদার কেমিক্যাল ওয়ার্কস, বরগুনার মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস, ভোলার শাহাবাজপুর গ্যাস ফিল্ড, খুলনার নতুন বাজারের ক্রিস্টিয়ান সার্ভিস সোসাইটি, বাগেরহাটের হোটেল পশুর, সাতক্ষীরার মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, বরিশালের হোটেল গ্র্যান্ডপার্ক, পিরোজপুরের নাসিমপুরের হোটেল রিল্যাক্স, ঝালকাঠির সারেং ফার্নিচার, পটুয়াখালির পর্যটন হলিডে হোমস, বরগুনার মেসার্স তাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, খুলনার দৌলতপুরের সেফ অ্যান্ড সেইভ, বাগেরহাটের ওয়ালটন প্লাজা, সাতক্ষীরার ওয়ালটন প্লাজা, বরিশালের এএম চ্যানেল লিমিটেড, পিরোজপুরের মেসার্স বিএম মোটরস, পটুয়াখালির কুয়াকাটা মোটরস, বরগুনার মেসার্স রব্বানী স্টোর ও ভোলার ওয়ালটন প্লাজা।

খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোঃ মোস্তবা আলী জানান, আজ সোমবারের ভ্যাট দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোঃ আলমগীর হোসেন। এছাড়া ১০ ডিসেম্বর থেকে ভ্যাট সপ্তাহ-২০১৮ পালন করা হবে।