আশুগঞ্জে গৃহবধূকে গলা টিপে হত্যা

শাশুড়ি গ্রেফতার

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর ফিরোজ মিয়ার কলোনি থেকে মোছা. তানজিনা বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে নিহত তানজিনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত তানজিনা হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিবপুর ডুপিবাড়ি গ্রামের মো. রেনু মিয়ার মেয়ে এবং একই এলাকার মো. ফারুক মিয়ার পুত্র সিএনজি চালক মো. সোহাগ মিয়ার স্ত্রী। নিহতের গলায় ও পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহ থেকে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে অভিযোগ স্বজনদের। এ ঘটনায় নিহতের শাশুড়ি মো. রুবিনা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।

এ ব্যাপারে নিহতের বাবা মো. রেনু মিয়া বাদী হয়ে ঘাতক স্বামী সোহাগসহ ৫ জনকে আসামি করে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে গলা টিপে হত্যা করা হতে পারে।