রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
রাজাপুরে পুলিশকে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রাজাপুর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে পরে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ১০ জনই নারী পুলিশ সদস্য রয়েছেন। শনিবার স্থানীয় সময় রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত এএসআই হাফিজ, কনস্টেবল মাহফুজ, লিমা, সুরাইয়া, আফরোজা, সুরমা, মরিয়ম, ময়না, সনিয়া, তামান্না, শামীমা, তন্নিসহ আরো বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে বলে জানান রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স-এর আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল। তিনি আরো জানান, বাসে থাকা পুলিশ সদস্যরা কমবেশি সবাই আহত হয়েছে।
৩৬ জন পুলিশ সদস্য বহনকারী বেসরকারি বাসটি বরিশাল-পিরোজপুর সড়কের নৈকাঠি এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকা খুলে যাওয়ায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাজাপুর থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। খবর শুনে মেট্রোপলিটন পুলিশ ডিসি হেড কোয়ার্টার মো. হাবিবুর রহমান খান রাজাপুর হাসপাতালে ছুটে আসেন। তার পূর্বে হাসপাতালে পৌঁছান ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়দুর রহমানসহ অন্য পুলিশের কর্মকর্তারা।
আহত পুলিশ সদস্যরা বরিশালে পৌঁছানোর আগেই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছুটে যান বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুঁইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) খাইরুল কবির ও কোতোয়ালি থানার অফিসার নুরুল ইসলাম পিপিএম ও অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।