প্রোগ্রামিংয়ের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

সময়ের সঙ্গে সঙ্গে প্রোগ্রামিং বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে সারা বিশ্বেই। আমাদের দেশও তার ব্যতিক্রম নয়। প্রোগ্রামিং বিষয়টি এতদিন সীমাবদ্ধ ছিল কম্পিউটারের মধ্যেই। ডেস্কটপ পিসি বা ল্যাপটপের মতো ডিভাইসে নানা ধরনের কম্পাইলার, ল্যাঙ্গুয়েজ এডিটর আর সফটওয়্যারের ব্যবহার করে প্রোগ্রামাররা তাদের প্রোগ্রামগুলোকে তৈরি করেন নিখুঁতভাবে। তবে সাম্প্রতিক সময়ে স্মাটফোনের বাজার দখলে একসময় স্মার্টফোন হয়ে উঠেছে হাতের মুঠোয় চলমান কম্পিউটার। ডেস্কটপ বা ল্যাপটপে করা যায় এমন প্রায় সব ধরনের কাজের জন্যই এখন অ্যানড্রয়েডে রয়েছে নানা ধরনের অ্যাপ্লিকেশন।  এসব অ্যাপ্লিকেশনের মধ্য থেকে বিনামূল্যের সেরা কয়েকটি এডিটর, কম্পাইলার অ্যাপ্লিকেশনের কথা তুলে ধরা হলো এই লেখায়।

 

ড্রয়েডএডিট

বিনামূল্যের সোর্সকোড এডিটর অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে সেরা একটি অ্যাপ্লিকেশনের নাম ড্রয়েড এডিট। সি, সি++, জাভা, সিশার্প, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পাইথন, এসকিউএল-এর মতো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে কাজ করা যায় ড্রয়েডএডিট ব্যবহার করে। বাড়তি সুবিধা হিসেবে এই অ্যাপ্লিকেশনে রয়েছে কালার থিম, সার্চ, রিপ্লেস, অটো অ্যান্ড রক আইডেনটেশন, কিবোর্ড শর্টকাটের মতো আকর্ষণীয় ও কার্যকরী সব ফিচার। ড্রয়েডএডিট অবশ্য ট্যাবলেট পিসির মতো ডিভাইসে অনেক বেশি ভালোভাবে কাজ করে। তবে ব্লু-টুথের মাধ্যমে এক্সটার্নাল কিবোর্ডও সমর্থন করে এটি। এতে করে কিবোর্ড শর্টকাটগুলো আরও ভালোভাবে উপভোগ করা যায়। ড্রয়েডএডিটের অবশ্য একটি প্রফেশনাল সংস্করণ রয়েছে, যার মূল্য মাত্র ১.৬৯ ডলার। http://goo.gl/pE77s লিংক কিংবা http://droidedit.wordpress.com ওয়েবসাইট থেকে পাওয়া যাবে বিনামূল্যের ড্রয়েডএডিট। অ্যান্ড্র্রয়েড ২.১ বা পরবর্তী সংস্করণগুলোতে এটি কাজ করবে।

 

কোড পিকার

কোড রিডারগুলোর মধ্যে অত্যন্ত হালকা ওজনের একটি অ্যাপ্লিকেশন কোড পিকার। প্রোগ্রামিং ল্যাংগুয়েজের বড় একটি অংশই এটি সমর্থন করে। এগুলোর সবার জন্যই এটি সিনটেক্স হাইলাইট ব্যবহার করতে পারে। শুধু তাই নয়, যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটি সমর্থন করে না, সেসব প্রোগ্রামের সংশ্লিষ্ট ফাইলকেও এটি প্লেইন টেক্সট ফাইল হিসেবে খুলতে পারে। কম্পিউটারে প্রোগ্রামিং করার সময় অ্যান্ড্রয়েড ফোনকে এক্সটার্নাল মনিটর হিসেবে ব্যবহার করে কোড কিপার কাজ করে। এ ছাড়া জিমেইল বা ফাইল এক্সপ্লোরার থেকে সরাসরি ফাইল খোলা যায় এটি দিয়ে। সবমিলিয়ে বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই সহজে ব্যবহারের জন্য চমত্কার একটি অ্যাপ্লিকেশন কোড কিপার। অ্যান্ড্রয়েড ১.৬ বা পরের সংস্করণগুলোতে এটি কাজ করে। http://goo.gl/WdX85 লিংক থেকে পাওয়া যাবে কোড পিকার।

 

জাভা কোড ভিউয়ার

নামে জাভা কোড ভিউয়ার হলেও এই অ্যাপ্লিকেশনটি এর বাইরেও অনেকগুলো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সমর্থন করে। সি/সি++, সি#, সিএসএস, পিএইচপি, এএসপি, জাভাস্ক্রিপ্ট সবাই সমর্থন করে জাভা কোড ভিউয়ার। ফলে এর নাম নিয়ে বিভ্রান্তি থেকেই যায়। জাভা কোড ভিউয়ারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর সহজ-সরল ইন্টারফেস। সিনটেক্স হাইলাইটিং, ওয়ার্ড ফাইন্ড, লাইন নাম্বারের মতো ফিচারগুলো এই অ্যাপ্লিকেশনে সহজেই ব্যবহার করা যায়। যারা প্রোগ্রামিংয়ের জন্য সহজে ব্যবহারের উপযোগী অ্যাপ্লিকেশন খুঁজে বেড়ান, তাদের জন্য জাভা কোড ভিউয়ার হতে পারে প্রথম পছন্দ। অ্যান্ড্রয়েড ২.১ ও পরবর্তী সংস্করণগুলোতে কাজ করবে এই অ্যাপ্লিকেশন। জাভা কোড ভিউয়ারের ডাউনলোড লিংক http://goo.gl/em6YB।

 

সিনটেক্স হাইলাইটেড কোড এডিটর

নামের মতোই সিনটেক্স হাইলাইটেড কোড এডিটর কাজ করে প্রোগ্রামিং কোডগুলোর সিনটেক্স হাইলাইট করার মাধ্যমেই। ওজনে হালকা এই অ্যাপ্লিকেশনটি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ও পিএইচপি’র মতো শক্তিশালী সব প্রোগ্রামিং ল্যাংগুয়েজ সমর্থন করে। পাশাপাশি এটি সি/সি++, জাভা এবং পাইথনও সমর্থন করে কিন্তু এটি তৈরি করা হয়েছে ওয়েব ডেভেলপারদের জন্য। সার্চ, রিপ্লেস, আনডু, রিডু, অন-স্ক্রিন কিবোর্ড হেলপার প্রভৃতি ফিচার রয়েছে এর। সার্বিকভাবে ছোট্ট এবং সহজে ব্যবহারের উপযোগী এটিও চমত্কার একটি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েড ২.২ ও পরবর্তী সংস্করণগুলোতে এটি ব্যবহার করা যাবে। http://goo.gl/CkKSk লিংক থেকে ডাউনলোড করা যাবে বিনামূল্যের এই অ্যাপ্লিকেশন।

 

এইড (AIDE)

অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন তৈরির কাজে চমত্কার একটি অ্যাপ্লিকেশন এইড। এটি ব্যবহার করেই সরাসরি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। ফলে কম্পিউটারকে কোনোভাবে ব্যবহার না করেই অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট পিসির জন্য অ্যাপ্লিকেশন তৈরি করতে দেবে এইড। আবার এক্লিপস প্রজেক্ট পূর্ণাঙ্গরূপে সমর্থন করে বলে কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন স্থানান্তর করাও সুবিধাজনক এটি ব্যবহার করে। এর আরও বাড়তি ফিচারের মধ্যে রয়েছে ড্রপবক্স সমর্থন। ফলে এতে কাজ করে ফোন স্টোরেজের পাশাপাশি ড্রপবক্সেও জমা রাখা যাবে কাজ। অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে অত্যন্ত কার্যকরী বিনামূল্যের এই অ্যাপ্লিকেশন। অ্যান্ড্রয়েড ২.২ ও পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে এটি। ডাউনলোড লিংক http://goo.gl/QgZQ5।

 

জাভা আইডিইড্রয়েড

একটু অ্যাডভান্সড লেভেলের ডেভেলপারদের জন্য উপযোগী অ্যাপ্লিকেশন জাভা আইডিইড্রয়েড। এইডের মতোই এটিও সরাসরি অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরির সুবিধা প্রদান করে। তবে এটি সাধারণ বা উঠতি প্রোগ্রামারদের জন্য খুব বেশি উপযোগী নয়। অভিজ্ঞ প্রোগ্রামারদের উপযোগী বলে এতে রয়েছে নানা ধরনের বাড়তি ফিচার। আবার আরও বেশি প্রফেশনালদের জন্য প্রফেশনাল সংস্করণও রয়েছে; তার জন্য খরচ করতে হবে ৭.৯ ডলার। বিনামূল্যের সংস্করণটি অ্যান্ড্র্রয়েড ২.৩ বা পরের সংস্করণগুলোতে ব্যবহার করা যাবে। http://goo.gl/KmTrP লিংক থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ্লিকেশন।