বলিউডে ‘মি টু’ ঝড়ের পর অনেকের থলের বেড়ালই বাইরে চলে এসেছে। অনেক শীর্ষ তারকারাও তাদের কাস্টিং কাউচ বা হয়রানির শিকার হয়েছেন। বিষয়টি এখন অনেকটা শিথিল হলেও মাঝে মাঝে বিভিন্ন নায়িকা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করছেন গণমাধ্যমে। সম্প্রতি এমনই এক প্রসঙ্গে মুখ খুললেন বলিউড তারকা জেরিন খান।
তিনি বলিউডে নতুন পা রেখেছেন তখন। সেই সময় এক পরিচালক জেরিনকে শুটিংয়ের বাইরে চুমুর দৃশ্য রিহার্সেল করতে বলেন। জেরিন বলেন, ‘পরিচালক আমাকে তার সঙ্গে দেখা করতে বলেন এবং সঙ্কোচ কাটানোর জন্য পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে প্র্যাকটিস করতে বলেন। ইন্ডাস্ট্রিতে আমি তখন খুবই নতুন।’ জেরিন এমন প্রস্তাবে জানান, আত্মসম্মানের সঙ্গে আপোস না করা জেরিন তখনই পরিচালকের ওই প্রস্তাব ফিরিয়ে দেন।
আর একবার এক পরিচালক তাকে ‘বন্ধুর চেয়েও বেশি কিছু’ হওয়ার প্রস্তাব দেন। পরিবর্তে তাকে প্রলোভন দেখান বলিউডে ভালো কাজ পাইয়ে দেওয়ার। সেবারও কাটিয়ে যান তিনি। জেরিন বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবাই যে খারাপ আমি তেমনটা বলছি না। আমি অনেক ভালো বন্ধু ও অভিভাবক পেয়েছি। যাদের সঙ্গে না মিশলে আমি হয়তো সেসব ধারণা থেকে বের হতে পারতাম না। কারণ যেহেতু ক্যারিয়ারের শুরুতেই আমাকে এসবের মুখোমুখি হতে হয়েছে, তাই বিভিন্ন নেতিবাচক ধারণা আসাটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু পরবর্তীতে অনেকের সঙ্গে কাজ করে আমি মানুষগুলো চিহ্নিত করতে পেরেছি।’
সম্প্রতি ‘কাস্টিং কাউচ’ নিয়ে সরব হয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালানও। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে বিদ্যা বলেন, ‘আমি তখন চেন্নাইতে ছিলাম। এক পরিচালক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি যতবার তাকে কোনো কফিশপে দেখা করার কথা বলেছি ততবারই তিনি আমার রুমে আসতে চাইছিলেন। এই অবস্থায় আর কোনো উপায় না দেখে আমি আমার ঘরের দরজা খুলে রাখি। আর সেই ব্যক্তি মাত্র ৫ মিনিট আমার ঘরে বসেই বেরিয়ে যান।’