স্পোর্টস ডেস্ক
ইউরোপিয়ান মঞ্চে মাঠে নামার আগেই একটা সুখবর পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। নেইমারের নিষেধাজ্ঞা তিন ম্যাচ থেকে কমে দুইয়ে নেমে এসেছে। যদিও, এই সুখবর তাদের জন্য স্বস্তির কারণ হতে পারছে না। কারণ, আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে প্রতিপক্ষ যে, ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। খেলাটির ভেন্যু প্যারিস হলেও নেইমারহীন ফরাসি ক্লাবটির জন্য কঠিন পরীক্ষা নিয়েই হাজির হবে এল কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।
নেইমার নিষেধাজ্ঞা পেয়েছিলেন গত মৌসুমেই। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ১৬ র ম্যাচের রেফারির সঙ্গে অশোভন আচরণ করে। এমনকি সেই রেশটা নিজের সোশ্যাল মিডিয়াতেও দেখান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ব্রাজিল তারকাকে তাই উয়েফা তিন ম্যাচের জন্য বহিষ্কার করে। যদিও, কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) রায়ে তার নিষেধাজ্ঞা এক ম্যাচের জন্য কমেছে। আগামী ২২ অক্টোবর বেলজিয়ান দল ক্লাব ব্রাগের বিপক্ষে ফিরবেন তিনি।
এই নেইমারকে ছাড়াও পিএসজির অবশ্য আরো কিছু সংকটও আছে। দলের একগাদা খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত। পিএসজির অন্যতম গুরুত্বপূর্ণ দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও এডিনসন কাভানি ইনজুরিতে আক্রান্ত। সেই ইনজুরি এতটাই গুরুতর যে, রিয়াল মাদ্রিদের বিপক্ষে এ খেলায় তারা মাঠে নামতে পারবেন না। যদিও, রিয়ালের বিপক্ষে ম্যাচটির প্রাক্কালে তারা মাঠেই দলের অনুশীলনে ছিলেন।
পিএসজি কোচ থমাস টুখেল বলেন, ‘ওরা এখনো পুরোদমে ফিটনেস ফিরে পায়নি। আশা করি দ্রুতই সেটা ফিরে পাবে। প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ হোক কিংবা যাই হোক, ওরা এমন খেলোয়াড় যাদের নিয়ে কোনো ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই।’
রিয়াল মাদ্রিদ শিবিরও ইনজুরিমুক্ত নয়। আজ পিঠের ইনজুরির কারণে খেলতে পারবেন না রক্ষণভাগের ব্রাজিলিয়ান ভরসা মার্সেলো। স্প্যানিশ ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করা হয়েছে। এছাড়া আগে থেকেই ইনজুরি ও নিষেধাজ্ঞাজনিত কারণে ইসকো, লুকা মড্রিচ, মার্কো আসেনসিও ও ফেডেরিকো ভালভার্দে, সার্জিও রামোস ও নাচো ফার্নান্দেজ নেই। তবে, দলে যোগ হয়েছেন গ্যারেথ বেল। লাল কার্ড পাওয়ায় লা লিগায় সর্বশেষ লেভান্তের বিপক্ষে তিনি মাঠে নামতে পারেননি।
এই রাতে আরো একটা বড়ো ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান মঞ্চে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকোর আতিথেয়তা পাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাস। রোনালদোর মাদ্রিদে ফেরার উপলক্ষ্যটা স্মরণীয় করে রাখতে ইতালিয়ান চ্যাম্পিয়নরা নিঃসন্দেহে চেষ্টার কোনো কমতি রাখত না। তবে, এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে গেছেন মধ্যমাঠের ব্রাজিলিয়ান তারকা ডগলাস কস্তা। সর্বশেষ সিরি ‘এ’র ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষে ড্র করেছে জুভরা। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন কস্তা। তাকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে।
আজকের খেলা
ক্লাব ব্রাগ গ্যালাতাসারে
অলিম্পিয়াকোস টটেনহ্যাম হটস্পার
পিএসজি রিয়াল মাদ্রিদ
বায়ার্ন মিউনিখ ক্রেভেনা
শাখতার দোনেস্ক ম্যানচেস্টার সিটি
ডায়নামো জাগরেব আটলান্টা
অ্যাটলেটিকো মাদ্রিদ জুভেন্তাস
বেয়ার লেভারকুসেন লোকোমটিভ মস্কো