পীরগাছায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় যৌতুকের দাবিতে শনিবার এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার অন্নদানগর ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পাঁচ বছর আগে কুমিল্লার মেয়ে হালিমার সঙ্গে ঢাকার একটি গার্মেন্টসে কাজের সূত্র ধরে উপজেলার ব্রাহ্মণীকুন্ডা গ্রামের তমিজউদ্দিনের ছেলে আলমগীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করে বাড়িতে চলে আসে। বিয়ের পর থেকেই আলমগীর যৌতুকের জন্য হালিমাকে নানাভাবে নির্যাতন করত।

পীরগাছা থানার ওসি (তদন্ত) আজিমউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ রবিবার ময়না তদন্তের জন্য লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।