প্রকল্পব্যয় সংশোধন করে মন্ত্রণালয়ে

গাইবান্ধার চার লেন সড়ক

তাজুল ইসলাম রেজা, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা ডিসি অফিস এলাকা থেকে শহরের পুরাতন জেলখানা মোড় পর্যন্ত চার লেন বিশিষ্ট সড়ক নির্মাণ কাজ ব্যয় বৃদ্ধি পাওয়ায় অর্থাভাবে বন্ধ হয়ে পড়েছে। তবে একনেকে পুনরায় পাঠানো সংশোধিত প্রকল্প অনুমোদন হলেই কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।

এদিকে ঐ প্রকল্পের আওতায় গাইবান্ধা শহরের সাথে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়কটির সংযোগ সড়ক (গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক) প্রশস্তকরণ কাজ চলমান আছে।

গাইবান্ধা সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১৫৭ কোটি টাকা। কিন্তু বর্তমানে ব্যয় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪০৪ কোটি টাকা। প্রকল্পটি দু’টি ভাগে বিভক্ত।

গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, ‘অবশিষ্ট কাজ অচিরেই সম্পন্ন হবে। কয়েকজন জমির মালিক ২০০২ সালে আদালতে তিনটি মামলা দায়ের করেন। একটি মামলায় সম্প্রতি সওজের পক্ষে রায় হয়েছে। অপর দুইটি মামলার রায় অচিরেই হতে পারে। রায়ের পর এই অংশে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। সম্প্রতি সরকার জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দেড় গুন থেকে বৃদ্ধি করে ৩ গুন করেছে। ফলে জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ব্যয় ৫৩ কোটি টাকা থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে দাঁড়িয়েছে ২২৬ কোটি টাকা। এছাড়া প্রকল্পভুক্ত ২১ কিলোমিটার সড়কে একাধিক বাজার ও একাধিক বাস স্ট্যান্ড এলাকায় আরো অতিরিক্ত ১০ ফুট করে সড়ক প্রশস্ত এবং নর্দমা নির্মাণ বাবদ ব্যয় বৃদ্ধি পেয়েছে ২১ কোটি টাকা। এসব কারণে প্রথমে এই প্রকল্পের ব্যয় ১৫৭ কোটি টাকা ধরা হলেও বর্তমানে ব্যয় দাঁড়িয়েছে ৪০৪ কোটি টাকায়। তাই প্রকল্পটি সংশোধন করে আবারও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’