ভোট কেন্দ্রের নিরাপত্তা দিতে কর্মীদের প্রস্তুত থাকতে হবে --------------------- মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এবং জামালপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মির্জা আজম এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা দিতে হবে। তিনি রবিবার সকালে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ যৌথ কর্মীসভায় এসব কথা বলেন। তিনি আরো বলেন, যাতে জামায়াত বিএনপি অথবা জঙ্গিরা কোনোরকম নাশকতা না করতে পারে। মির্জা আজম বলেন, এই নির্বাচন হলো উন্নয়নের নির্বাচন, বিজয়ের মাসে এই নির্বাচনে আওয়ামী লীগের জয় হবেই। বিএনপি এই নির্বাচন নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তারা নিজেদের নাম-নিশানা হারিয়ে ঐ বাতিল মালের সাথে ঐক্য করেছে। ঐসব জনবিচ্ছিন্ন নেতা সব দলের স্বাদ গ্রহণ করে এখন যুদ্ধাপরাধীদের দলে ভিড়েছে। বিএনপির অফিসে চলছে ভাঙচুর। তিনি বলেন, আসন্ন নির্বাচনে মেলান্দহ ও মাদারগঞ্জের ভোটারদের নিরাপত্তায় আওয়ামী লীগের হাজার হাজার কর্মী প্রস্তুত থাকবে। যেন কোনো ভোটার হয়রানির শিকার না হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বাবু জীবনকৃষ্ণ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা, উপজেলা শাখার নেতৃবৃন্দ।