সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ছয় জেলে অপহরণ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে বঙ্গোপসাগরসংলগ্ন তালপট্টি এলাকায় মাছ ধরার সময় বনদস্যু জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে অস্ত্রেরমুখে বনদস্যুরা জেলেদের জিম্মি করে ভারতীয় সীমানায় নিয়ে গেছে বলে ফিরে আসা জেলেরা জানায়।

অপহূত জেলেরা হলেন পদ্মপুকুর ইউনিয়নের পাতাখালি গ্রামের ইকবাল সরদার, জিন্নাত গাজী, ডুমুরিয়া গ্রামের আলামিন, ছোটো ভেটখালী গ্রামের মহিবুল্লাহ, আশিক গাজী এবং পার্শ্বেখালী গ্রামের আসাদুজ্জামান।

ফিরে আসা জেলে বড়ো ভেটখালী গ্রামের শহিদুল ইসলাম ও গাবুরা গ্রামের এন্তাজ জানান, বুড়িগোয়ালিনী বন অফিসের অনুমতি নিয়ে সুন্দরবনে তালপট্টি এলাকায় মাছ ধরার সময় জিয়া-জোনাব বাহিনীর সদস্যরা জেলেদের অপহরণ করে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

জেলে অপহরণের বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) আক্তারুজ্জামান বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। তবে লোকমুখে শুনেছি।