দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শাহজাহানপুর রেলওয়ে কলোনি

বিশেষ প্রতিনিধি

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ল্যান্ড ও এস্টেট ডিভিশনের ডিভিশনাল এস্টেট অফিসার নজরুল ইসলামের তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এ অভিযান চলে। আজ বুধবারও এ অভিযান চলবে ।

রেলওয়ে সূত্র জানায়, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে আবাসিক ভবন রয়েছে প্রায় ৩০০। এসব ভবনে যেসব কর্মকর্তা ও কর্মচারীদের থাকার জন্য বাসা বরাদ্দ দেওয়া হয় তাদের বেশিরভাগই বাসায় থাকেন না। তারা বাইরের লোকদের ভাড়া দিয়ে অন্য জায়গায় বসবাস করেন। ফলে বাইরের লোকরা এসব ভবনের আশপাশের জায়গায় টিনের চালা ও ছাদ ঢালাই করে ঘর তৈরি করে অবৈধভাবে ভাড়া দিত। এসব ঝুপড়ি ঘরে মাদকের আড্ডাও বসত সন্ধ্যার পর। দীর্ঘদিন ধরেই এই অব্যবস্থাপনা চলে আসছিল বলে অভিযোগ স্থানীয়দের।

এস্টেট ডিভিশনের ডিভিশনাল এস্টেট অফিসার নজরুল ইসলাম বলেন, রেলওয়ে কলোনির প্রায় ১০০ একর জায়গা বেদখল হয়ে গেছে। বসবাসের অযোগ্য হয়ে গেছে পুরো কলোনি। তাই এই উচ্ছেদ অভিযান। আমরা ছোটো বড়ো প্রায় দেড় হাজার ঘরের তালিকা করে মাঠে নেমেছি। মোটামুটি সাত দিনে উচ্ছেদ অভিযান শেষ হবে বলে আশা করছি।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, উচ্ছেদের পর আবার কেউ অবৈধ স্থাপনা করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া কেউ যাতে স্থাপনা গড়তে না পারে সেজন্য আমরা তদারকি করব।

উচ্ছেদের সময় ভাড়াটিয়া বা ঘরের মালিকদের কাউকে পাওয়া না গেলেও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে এলাকায় উচ্ছেদ করা হবে জানিয়ে মাইকিং করা হয়েছে। ফলে ভাড়াটিয়ারা আগেই মালামাল সরিয়ে ফেলেছেন। তবে অনেক দোকানদার মনে করেছিলেন, এবারও ভাঙা হবে না, তাই তাদের কেউ কেউ মালামাল সরায়নি। এখন তারা মালামাল সরাচ্ছে।