আফগান প্রেসিডেন্টের সমাবেশসহ দু’টি হামলায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮০ জন। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশের চারিকার শহরে প্রেসিডেন্ট আশরাফ ঘানি যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তখনই এই বিস্ফোরণ ঘটে। তবে প্রেসিডেন্ট ঘানি অক্ষত রয়েছেন। খবর বিবিসি ও রয়টার্সের
দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট ঘানি এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন। গতকাল পারওয়ান প্রদেশের চারিকারে নির্বাচনী সমাবেশে যোগ দেন। সমাবেশের কাছেই আত্মঘাতী হামলা চালানো হয়। আফগান স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানান, হামলায় ২৬ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছেন। প্রাদেশিক হাসপাতালের পরিচালক কাসেম সাঙ্গিন স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে ২৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। তবে প্রেসিডেন্ট ঘানি অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
রাজধানী কাবুলের কেন্দ্রেও আরো একটি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র। তিনি জানান, এই হামলায় কমপক্ষে আরো ২২ জন নিহত এবং ৩৮ জন হয়েছেন। তালেবান এই দু’টি হামলারই দায়িত্ব স্বীকার করেছে। তালেবানের সঙ্গে শান্তি আলোচনার মধ্যেই এই বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তারা আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নির্বাচন প্রতিরোধের কথাও ঘোষণা করেছে।