কামারখন্দে নার্স ধর্ষণের ঘটনা

আদালতে মূল আসামির স্বীকারোক্তি জবানবন্দি

সিরাজগঞ্জে কামারখন্দে নার্স ধর্ষণ ঘটনার মূল আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ হাকিম আদালতে বিচারক মো. আসাদুজ্জমানের কাছে প্রধান আসামি আশরাফুল ইসলাম ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। একই আদালতে ভিকটিম নিজেও ২২ ধারায় ঘটনার বর্ণনা দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। এরই মধ্যে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম।

উল্লেখ্য, প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ নার্সকে ফুঁসলিয়ে রবিবার উল্লাপাড়া থেকে কামারখন্দের কুটিরচর গ্রামে ডেকে আনে আশরাফুল ইসলামসহ তার চার বন্ধু। রাতে তারা মেয়েটিকে নির্জন স্থানে আটকে রেখে রাতভর পাশবিক নির্যাতন চালায়। গ্রামবাসী সোমবার সকালে মেয়েটিকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মেয়েটির ভাই থানায় মামলা করলে পুলিশ আশরাফুল ও তার সহযোগী একই এলাকার নাইমুল হককে গ্রেফতার করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে আশরাফুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

 

০