তারেক রহমানকে ছাত্রদলের সর্বসময় দায়িত্ব প্রদান

ছাত্রদলের কাউন্সিলররা গতকাল মঙ্গলবার এক সভায় মিলিত হয়ে সর্বসম্মতিক্রমে তাদের অভিভাবক সংগঠন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ঘোষণা করেছেন। একই সঙ্গে উপস্থিত কাউন্সিলরগণ সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন ও পুনর্গঠনসহ ছাত্রদলকে সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে তারেক রহমানকে ছাত্রদলের গঠনতন্ত্রের সংশোধন, কাউন্সিল আহ্বান, কাউন্সিল মূলতবী করা, ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণে নির্বাচন পরিচালনা করাসহ যে কোনো সাংগঠনিক-রাজনৈতিক সিদ্ধান্ত ও ব্যবস্থা গ্রহণের সর্বময় দায়িত্ব প্রদান করেন। ছাত্রদলের কাউন্সিল পরিচালনা কমিটির ওপর আদালতের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সভায় ঢাকা মহানগর ছাত্রদলের উত্তরের সভাপতি ও কাউন্সিলর মিজানুর রহমান রাজের প্রস্তাবে কাউন্সিলর খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে ছাত্রদলের এই কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, তা বাতিল করে            নতুন করে পুণরায় নির্বাচনের আয়োজনের জন্য একটি নির্দলীয় অন্তবর্তীকালীন সরকার গঠনের বিরোধী দলীয় দাবির প্রতি সমর্থন জানানো হয়। বেগম খালেদা জিয়ার প্রতি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার নিন্দা এবং অবিলম্বে তার নি:শর্ত মুক্তি দাবি করা হয়। এছাড়া কাউন্সিল অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবাধ, নিরপেক্ষভাবে ছাত্র সংসদ নির্বাচন দেয়ার দাবি জানায়। কাউন্সিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠানের প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেয়া সকল সিদ্ধান্ত ও পরামর্শের প্রতি আস্থা স্থাপন করে ঘোষণাপত্র পাঠ করা হয়।