মোংলা বন্দর দিয়ে প্রথমবারের মতো গার্মেন্টস পণ্য রপ্তানি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ৪০ ফিট কন্টেইনারে ৭৫০ বান্ডিলে ২০ হাজার ৫৬৮ পিস সোয়েটার রপ্তানি করা হয়। হংকংয়ের পতাকাবাহী এমভি মার্কস ওয়ালগেটস জাহাজে এ পণ্য জার্মানির হামবুর্গ বন্দরে পৌঁছাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল জানান, ‘মোংলা বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির কার্যক্রম শুরু হওয়ায় এ বন্দরের গুরুত্ব বাড়বে। সুযোগ-সুবিধার কথা চিন্তা করে রফতানিকারকরা এ বন্দর ব্যবহার করবেন।’ তিনি আরো দাবি করেন, এই বন্দরে জাহাজ জট না থাকায় পণ্য পড়ে থাকে না ।
প্রথমবারের মতো গার্মেন্টস পণ্য রপ্তানি করা সিএন্ডএফ (কাস্টম ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট) মেসার্স আল মামুন এন্টারপ্রাইজের শেখ রফিকুর রহমান বলেন, ‘আগে কাস্টমসের মাধ্যমে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি করতাম আমরা। কিন্তু মোংলা বন্দরের মাধ্যমে এবারই প্রথম। মূলত আমাদের পরামর্শেই বন্দর কর্তৃপক্ষ এ উদ্যোগ গ্রহণ করে।’
দুপুরে বন্দর জেটিতে গার্মেন্টস পণ্য রপ্তানির সময় সংশ্লিষ্ট এজেন্ট ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, সহকারী ট্রাফিক ম্যানেজার মো. কুদরত আলী ও ট্রাফিক কর্মকর্তা মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।