নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে হিন্দু সম্প্রদায়ের নদীতে গোসল করার ঘাটের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ ওঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। গত এক সপ্তাহ ধরে সাহাপুর এলাকায় রাতের আঁধারে ব্যবসা প্রতিষ্ঠানের এ ঘর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।
জানা যায়, উপজেলার সাহাপুর এলাকায় ১৩ শতাংশ অর্পিত সম্পত্তি রয়েছে। তার মধ্যে ৪ শতাংশ চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে আল মোস্তফা গ্রুপ লিজ নিয়ে ভোগ দখল করে আছে। বাকি ৯ শতাংশ জমি ঐ এলাকার হিন্দু সম্প্রদায়ের নদীতে গোসল করার জন্য ঘাট ও রাস্তা হিসেবে ব্যবহার করে আসছে। এ সরকারি সম্পত্তি ঐ এলাকার প্রভাবশালী হিন্দু সম্প্রদায়ের নেতা রাতের আধারে নির্মল সাহা ও তার ভাই বাবন সাহা দখল করে দোকান ঘর নির্মাণ করছেন। এতে ঐ এলাকার মানুষের নদীতে যাতায়াতের পথ ও ঘাটে গোসল করার পথ বন্ধ হয়ে যায়। গ্রামবাসীর পক্ষে আদালতে একটি মামলা দায়ের করা হলে আদালত ঐ জায়গায় নিষেধাজ্ঞা দেয়।
অভিযুক্ত নির্মল সাহা জানান, আমাদের নামে লিজকৃত সাড়ে ৩ শতাংশ জমি দখলে রেখেছি। আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, কোনভাবেই সরকারি সম্পত্তি দখল করতে দেওয়া হবে না। এখনই সংশ্লিষ্ট তহসিলদার পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে।