অভিযোগ থাকলে জানান তদন্ত করে ব্যবস্থা নেবে যুবলীগের ট্রাইব্যুনাল --------- ওমর ফারুক চৌধুরী

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবলীগে শৃঙ্খলা ও আদর্শ অনুসরণ করে। একই সঙ্গে সংগঠনের ভেতর কেউ যেন নৈতিকস্খলনজনিত কোনো অপরাধ না করে সেজন্য শূন্যসহিষ্ণুতা নীতি নিয়ে চলে এ সংগঠন। এ জন্য যুবলীগের নিজস্ব ট্রাইব্যুনাল রয়েছে। এ ট্রাইব্যুনালে যুবলীগের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এলে তা তদন্ত করা হয়। দোষী নেতাকর্মী যেই হোন না কেন, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে যুবলীগের বিভিন্ন ব্যক্তি ও কমিটির বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যুবলীগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে। যুবলীগ তাই এ ব্যাপারে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিচ্ছে। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ যুবলীগ নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে তদন্ত করবে। যুবলীগের কোনো নেতা বা কোনো শাখার বিরুদ্ধে অভিযোগ থাকলে যুবলীগের চেয়ারম্যান বরাবর নিম্ন ঠিকানায় পাঠাতে পারেন। মোবাইল ০১৭১২১৩৯০৮৮, মো. হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক, যুবলীগ। ঠিকানা : ২৫ বঙ্গবন্ধু অ্যাভিনিউ, আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যালয়। অভিযোগের সঙ্গে যদি কোনো কাগজপত্র, দলিল বা তথ্যপ্রমাণ থাকে সেটাও চিঠির সঙ্গে হস্তান্তর করবেন। এ সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগেরও যদি সত্যতা পাওয়া যায় তাহলে তাত্ক্ষণিকভাবে যুবলীগের ঐ ব্যক্তি ও কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। যদি এই অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট থানায় অভিযোগটি প্রেরণ করে ব্যবস্থা গ্রহণের জন্য থানাকে অনুরোধ করবেন যুবলীগ চেয়ারম্যান।