আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। তার কর্মজীবনকে সম্মান জানাতে মেঘালয়ের রাজধানী শিলঙে বসতে চলেছে প্রতিকৃতি। গতকাল মঙ্গলবার ভারত সফররত বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙ্গামার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে এ প্রস্তাব দেওয়া হয়। তিনি এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন।
শিলঙের কোথায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসবে তার জায়গা নির্বাচন করে দেবে মেঘালয় সরকার। আগামী বছরের মার্চে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদ্যাপন করা হবে। সেই অনুষ্ঠানে অংশ নিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে, ত্রিপুরার আগরতলায় একটি শহিদ মিনার এবং বঙ্গবন্ধু সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। গত সোমবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়টি আলোচনা করেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এর পাশাপাশি ঢাকা, আগরতলা রেলপথে কাজ চলছে। ত্রিপুরার নিশ্চিন্তপুর সীমান্তে সেই কাজ ঘুরে দেখেন বাংলাদেশের তথ্যমন্ত্রী।