ভিকারুননিসার সেই শিক্ষকের জামিন

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা জামিন পেয়েছেন। ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ গতকাল রবিবার বিকালে এ জামিন মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জালাল উদ্দিন এ তথ্য জানিয়ে বলেন, আদালত ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত হাসনা হেনাকে জামিন দিয়েছেন। মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।              স্কুলের নবম শ্রেণির ছাত্রী অরিত্রীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ডিবি পুলিশ হাসনা হেনাকে গ্রেফতার করে গত বৃহস্পতিবার আদালতে হাজির করে। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। ঢাকা মহানগর হাকিম আবু সাইদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার এই মামলা দায়ের করেন অরিত্রীর বাবা।