ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে নিজ স্ত্রীকে খুনের দায়ে যুবক গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে নিজ স্ত্রীকে খুন করার অভিযোগ পাওয়া গিয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে ৮টার দিকে পৌর শহরের দত্তপাড়ায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে দত্তপাড়ার মতিউর রহমানের কন্যা মাছুমা খাতুন লাকীর সঙ্গে তারাকান্দা উপজেলার মেছেরা গ্রামের আব্দুল কাদিরের পুত্র আব্দুল মান্নান সবুজের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিলো এবং প্রায় সময় লাকীকে শারিরিকভাবে নির্যাতন করতো সবুজ। 

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর লাকী স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে আসে। গত ২০ আগস্ট লাকী কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচী হতে ৯ হাজার ৬শ টাকা ভাতা উত্তোলন করে। ঘটনার সময় তার স্বামী সবুজ ওই টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে সবুজ ছোরা দিয়ে লাকীর বুকে আঘাত করে।

লাকীর চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে লাকীকে উদ্ধার করে। তাকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ সময় সবুজ দৌঁড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। 

আরও পড়ুন: সাটুরিয়ায় বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করতে গিয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে নিহতের বাবা মতিউর রহমান বাদী হয়ে সবুজকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইত্তেফাক/নূহু