আড়াইহাজারে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা

আড়াইহাজারে পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে মো. সুমন ভুঁইয়া (৩৮ ) নামে এক শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে আজিজ প্যাকেজিং কারখানায় এ ঘটনা ঘটে। গতকাল রবিবার দুপুরে উপজেলার সত্যাবান্দী ভুঁইয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কারখানার সাত শ্রমিককে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন— এনামুল, রাজীব, মমিনুল, মোস্তাফিজুর রহমান, লিটন মিয়া, আব্দুর রাজ্জাক ও ছামিনুল। কারখানার মালিক ও ম্যানেজার দুইজনই পলাতক রয়েছেন। নিহত সুমন ভুঁইয়া পাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন জানান, সুমনের পরিবারের সদস্যরা জানালে পুলিশ বাড়ি গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটক শ্রমিকদের বরাত দিয়ে ওসি বলেন, প্রতিদিন রাতে কাজ শেষে শ্রমিকেরা কম্প্রেসার মেশিনের সাহায্যে বাতাস দিয়ে শরীরের ময়লা পরিষ্কার করত। শনিবার রাতেও শ্রমিকেরা ময়লা পরিষ্কার করছিল। ওইসময় শ্রমিকরা সুমনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার কারণে তার মৃত্যু হয়। কেন এ ঘটনা ঘটিয়েছে এর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে একটি সূত্র জানায়, সুমন সহজ সরল প্রকৃতির ছিলেন। তার সঙ্গে অন্য শ্রমিকরা মজা করতে করতে এ ঘটনা ঘটে থাকতে পারে।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, প্রতিদিন বেলা ৩টায় বাসা থেকে কাজে যেত সুমন। আর রাত ১১টায় ফিরে আসত; কিন্তু শনিবার রাত ১২টা পর্যন্ত বাসায় ফিরেনি। এর প্রায় আধাঘণ্টা পর প্যাকেজিং কারখানার কয়েকজন শ্রমিক বাড়িতে এসে জানায় সুমন কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তাকে আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে; কিন্তু হাসপাতালে গিয়ে যোগাযোগ করলে সেখানকার কর্মকর্তারা জানান একজনকে নিয়ে আসা হয়েছে, তবে তিনি মৃত ছিলেন। এর মধ্যে স্থানীয় কয়েকজন এসে লাশ বাড়িতে দিয়ে যায়। তবে তারা মৃত্যুর কারণ কিছুই না বলে চলে যায়। তিনি আরো বলেন, আমার ভাইয়ের পেট ও বুকসহ সারা শরীর ফুলে গেছে। আমার ধারণা ওই শ্রমিকেরাই পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করেছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনিস উদ্দিন বাহাদুর জানান, পরিবারের অভিযোগ পায়ুপথে বাতাস দিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।