তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে যুগোপযোগী করে তুলতে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ২ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহাবুব-উল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে ল্যাপটপ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ডিন প্রফেসর ড. মোস্তাফা কামাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড. এ বি এম কামাল পাশা। ল্যাপটপ প্রদানের আগে অধাপক ড. এম লুত্ফর রহমান একাডেমিক ও শিক্ষা কার্যক্রমে ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।