সংবাদমাধ্যমের ওপর ক্ষুব্ধ স্টোকস

পারিবারিক

ট্রাজেডি

উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

একটা সময় অনেক ভুল বিষয়ে সংবাদ শিরোনাম হয়েছেন। কিন্তু সম্প্রতি একটার পর একটা সাফল্যই সংবাদ শিরোনামে আনছে বেন স্টোকসকে। কিন্তু সেই ইংল্যান্ডের নায়কের গোপনীয় পারিবারিক এক ঘটনা প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য সান। স্টোকসের জন্মের আগে তার পরিবারে ঘটে যাওয়া এক শোকের ঘটনা এভাবে প্রকাশ করে ফেলায় এই সংবাদপত্রটির ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

দ্য সানের ভাষ্য অনুযায়ী স্টোকসের জন্মের আগে তার দুই ভাইবোনকে তার মায়ের সাবেক প্রেমিক হত্যা করেছিলেন। এই ঘটনা মহাবিপর্যয়ে ফেলেছিল পরিবারটিকে। এরপর স্টোকসের জন্মের পর পরিবারটি একটু শোক কাটিয়ে উঠতে পেরেছিল।

এই ঘটনা প্রকাশ করায় হতাশ ও ক্ষুব্ধ স্টোকস টুইটারে এক বিবৃতি দিয়ে বলেছেন, ‘এই ঘটনাটির বিস্তারিত প্রকাশের সিদ্ধান্ত বিশেষ করে আমার মায়ের ওপর গুরুতর ও আজীবনের জন্য প্রভাব ফেলবে। আমার নাম ব্যবহার করে একটা পরিবারের এ রকম গোপনীয় ব্যাপার প্রকাশ্যে আনা খুবই জঘন্য একটা ব্যাপার। এই ধরনের নিম্নমানের ও লজ্জাজনক সাংবাদিকতাকে ব্যাখ্যা করার ভাষা নেই আমার। আমার জীবনে এর চেয়ে অনৈতিক, হূদয়হীন ও নিষ্ঠুর কিছু কখনো হজম করিনি।’

স্টোকস বলেছেন, তিনি জানেন যে একজন পাবলিক ফিগার হিসেবে তাকে নিয়ে অনেক কাটাছেঁড়া সংবাদ মাধ্যমে হবে। কিন্তু তিনি তার পরিবার নিয়ে এই সংবাদ মেনে নিতে পারছেন না, ‘আমি নিজের পাবলিক ফিগার নিয়ে সচেতন। যার ধারাবাহিকতা আমি মেনে নিয়েছি। কিন্তু আমার কারণে আমার পরিবারে এভাবে প্রবেশ করে আমার পিতামাতা, আমার স্ত্রী, আমার সন্তান বা অন্য সদস্যদের নিয়ে সংবাদ প্রকাশ মেনে নিতে পারি না। তাদের নিজেদের জীবনযাপনের অধিকার আছে।’

স্টোকসের এই টুইট ২৫ হাজারের বেশিবার রিটুইট হয়েছে। এর মধ্যে তার টেস্ট অধিনায়ক জো রুট, ম্যানটেস্টার ইউনাইটেড তারকা মার্কাস র্যাশফোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী টম হ্যারিসনও এই বার্তা রিটুইট করে সমালোচনায় যোগ দিয়েছেন।