আসন্ন পাকিস্তান সফরের ব্যাপারে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য করবে বলে আজ জানিয়েছেন বোর্ডের সচিব মোহন ডি সিলভা। তিনি জানান, পাকিস্তানের নিরাপত্তা আয়োজনে তিনি সন্তুষ্ট ছিলেন। তবে গত সপ্তাহে সম্ভাব্য হামলার হুমকি পাওয়ায় বিষয়টি তদন্তের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তদন্ত করতে বলা হয়েছে। ডি সিলভা বার্তা সংস্থা এএফপিকে বলেন,‘ আমাদের নিরাপত্তা পরামর্শকসহ আমি গত মাসের প্রথম দিকে পাকিস্তান সফর করেছি এবং তাদের আয়োজনে আমরা সন্তুষ্ট ছিলাম। তারা আমাদের দলকে একজন রাষ্ট্র প্রধানের সমান নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছেন।’ দলের ওপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বার্তা আসে। হুমকি সংক্রান্ত এমন বার্তার পর শ্রীলঙ্কা ক্রিকেট এখনো সফর বাতিল করেনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে নিরাপত্তা অবস্থা পুনঃপর্যালোচনার জন্য বলেছে।