স্পোর্টস ডেস্ক
শুরুটা হয়েছিল নিজেদের মাঠে স্লাভিয়া প্রাহার বিপক্ষে ইন্টার মিলানের শেষ মুহূর্তের গোলে করা ড্র দিয়ে। এরপর নিজ মাঠে ভ্যালেন্সিয়ার কাছে হারে চেলসি। শিরোপাধারী লিভারপুল ২-০ গোলে হারে ন্যাপোলির কাছে। বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে গোলহীন ড্র করে রাতের শেষ হোঁচটটা খায় বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের উদ্বোধনী রাতটা তাই বড়ো দলগুলোর জন্য বয়ে এনেছিল একরাশ বিভীষিকাই।
গত মঙ্গলবার রাতে প্রতিযোগিতার এফ গ্রুপে ডর্টমুন্ডের মাঠ সিগন্যাল ইদুনা পার্কের ম্যাচটিতে শুরু থেকেই নাকাল ছিল বার্সা। গোলের বেশ কিছু সুযোগ সৃষ্টি করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলবঞ্চিত থাকে স্বাগতিক দলটি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বরুসিয়া পেনাল্টি পেলেও গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের বীরত্বে সেটি থেকে বেঁচে ফেরে বার্সা।
চোট কাটিয়ে এ ম্যাচেই স্কোয়াডে ফেরা বার্সা অধিনায়ক লিওনেল মেসি মাঠে আসেন দ্বিতীয়ার্ধে। তবে তাতেও কাতালানদের অ্যাওয়ে ভাগ্য বদলায়নি। ফলে প্রতিপক্ষের মাঠে টানা পঞ্চম ম্যাচে জয়বঞ্চিত থাকে দলটি।
কঠিন এক ম্যাচ শেষেও একটি পয়েন্ট নিয়ে স্পেনে ফিরতে পারায় অবশ্য নিজেদের ভাগ্যবানই মনে করছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে। তিনি বলেন, ‘আমরা ম্যাচটায় কোণঠাসা ছিলাম এবং সেটা আমাদের মেনে নিতেই হবে। এমন পরিস্থিতিতে পড়ার সম্ভাবনাটা আমরা আগে থেকেই জানতাম। এটা কঠিন এক ম্যাচ ছিল।’ ফরোয়ার্ড অ্যান্তোয়ান গ্রিজমান জানালেন, উন্নতি করার আরো জায়গা আছে দলের। ফরাসি ফরোয়ার্ডের ভাষ্য, ‘একটা পয়েন্ট অর্জন করেছি আমরা, তবে আমাদের আরো অনেক কাজ করতে হবে। দরজায় কড়া নাড়তে পারিনি আমরা। এখানে উন্নতি করা প্রয়োজন আমাদের।’
এফ গ্রুপের অন্য ম্যাচে ইন্টারের মাঠ সান সিরোয় দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এগিয়ে যায় সফরকারী স্লাভিয়া প্রাহা। তবে অন্তিম সময়ে নিকোলো বারেল্লার গোলে একটি পয়েন্ট পায় ইতালীয় দলটি।
ইতালির আরেক প্রান্তে হারের কবলে পড়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন লিভারপুল। গত মঙ্গলবার রাতে ন্যাপোলির বিপক্ষে ম্যাচটির ৮২ মিনিটে পেনাল্টি থেকে ড্রাইস মার্টেন্স আর ৯০ মিনিটে ফার্নান্দো লরেন্তের গোলে হেরেই শিরোপা রক্ষার মিশন শুরু করে ক্লপের শিষ্যরা।
আগের মৌসুমের দুর্ধর্ষ ছন্দে ফিরতে আরো কিছু সময় চাইছেন দলটির কোচ ক্লপ। তিনি বলেন, ‘আশা করছি এই হারটা নির্ধারক হয়ে যাবে না। পয়েন্ট তালিকার অবস্থা পরিবর্তনে আরো কিছু ম্যাচ সময় দিন আমাদের। ন্যাপোলির বিপক্ষের সময়টা কঠিন কিন্তু আমাদের খেলা চালিয়ে যেতে হবে। আমরা এখানেই আটকে থাকছি না।’ নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে আরেক ইংলিশ দল চেলসিও এদিন হারের কবলে পড়েছে। স্প্যানিশ দল ভ্যালেন্সিয়ার কাছে তারা হারে ১-০ গোলে। দিনের অন্য ম্যাচে গেলবারের সেমিফাইনালিস্ট আয়াক্স আমস্টারডাম ৩-০ ব্যবধানে হারিয়েছে লিলকে। এছাড়াও লিওঁ ১-১ গোলে ড্র করে জেনিথের সঙ্গে। রেড বুল ৬-২ গোলে হারায় গেঙ্ককে। বেনফিকা নিজেদের মাঠে ১-২ গোলে হারে লিপজিগের কাছে।