স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেইন ভাঙা বুড়ো আঙুল নিয়েই খেলেছেন অ্যাশেজের শেষ টেস্ট। শুধু তাই নয়, ইনজুরি নিয়ে খেলেছেন পেসার পিটার সিডলও। ম্যাচটিতে অস্ট্রেলিয়া ১৩৫ রানে হারে। সিরিজ ড্র হয় ২-২ ব্যবধানে। পেইন বলেন, ‘আমার বুড়ো আঙুলের শেষের অংশে ফাটল দেখা যায়, এটা জায়গা থেকে সরে না যাওয়ায় আমি অনুশীলন চালিয়ে গেছি।’
অজি ক্যাপ্টেন আরো জানান, লাল বলের ক্রিকেটে বেশি সময় দেওয়ার জন্য সে এবার বিগ ব্যাশ টি-টোয়েন্টি খেলবেন না। বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি মনে করি আমার উচিত সব সুযোগ কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ করা। যখন আমার কাজ পুরোপুরি শেষ হবে তখন আমি বিগ ব্যাশে ফিরব, এর আগে আমি আমার মূল কাজে মনোযোগী হতে চাই।’
পিটার সিডলের ব্যাপারে তিনি বলেন, ‘সিডল ঐ টেস্টের প্রথম সেশনেই কোমরের ইনজুরিতে পড়েন যাতে স্বাভাবিক বোলিং ব্যাহত হয়। এ জন্য তাকে সমালোচনার মুখে পড়তে হয়। তবে, আমরা জানি সে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অন্য যে কেউ ঐ অবস্থা থেকে পরবর্তীতে আর বোলিংয়ে আসত না। কিন্তু সে হ্যাজেলউড, কামিন্সের ওপর চাপ না বাড়িয়ে বোলিং চালিয়ে গেছে। সে আসলেই একজন যোদ্ধা। আমরা তাকে অন্তর থেকে ভালোবাসি।’