স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেড আজ রাতে আস্তানার মুখোমুখি হয়ে চলতি মৌসুমে তাদের ইউরোপা লিগ যাত্রা শুরু করবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ওলে গুনার সোলসার জানিয়েছেন দলের তরুণ খেলোয়াড়দের ওপর ভরসা আছে তার।
সাবেক কোচ হোসে মরিনহো দলের খেলোয়াড় বাছাইয়ের সময় অভিজ্ঞদের প্রাধান্য দিতেন। কিন্তু গেল মৌসুমের মাঝামাঝিতে দলের দায়িত্ব পাওয়া সোলসার খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে মরিনহোর পুরোপুরি উলটো স্বভাবের। এক্ষেত্রে সোলসারের ভাষ্য, ‘আমি মনে করি এটা কঠিন। এটা এমন এক প্রক্রিয়া যেখানে তাদের ওপর ভরসা রাখতে হবে আমাদের। ওল্ড ট্র্যাফোর্ডে তারা খেলতে পারবে এবং ফলাফল নিয়ে আসতে পারবে এমন বিশ্বাস তাদের ওপর আমাদের আছে।’
ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের মাঠে এর আগে দুটি ম্যাচেই হেরেছিল ইউনাইটেড। এই ম্যাচেও হারলে ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় টানা তিনটি ‘হোম’ ম্যাচে হারের বিস্বাদ নেবে ইউনাইটেড।