কুমিল্লার ২১ গ্রামে উত্পাদিত হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজি

মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসারসহ আশেপাশের অন্তত ২১টি গ্রামে বিষমুক্ত ও কীটনাশকমুক্ত নিরাপদ সবজি উত্পাদিত হচ্ছে। পরিবেশ দূষণমুক্ত রেখে ক্ষতিকর পোকা ও রোগবালাইমুক্ত এই সবজি এখন বিক্রি চলছে। জমিতে রোপণের পর কম সময়ে অর্থাত্ দেড় মাসের মধ্যে এ সবজি বাজারজাত করা যায়।

জানা গেছে, বুড়িচং উপজেলার নিমসার, কেদারপুর, সৈয়দপুর, জাঙ্গালিয়া, হালগাঁও, পাঁচকিত্তা, কেমতলী, কালীরবাজার, শাহদ্বীপের বাগ, মনশাসন, কাকিয়ারচর, চারগাঁও, লোহারচর, মিথনমা, কাবিলা, চাঁনগাছা, চিকুটিয়া, কৃষ্ণপুর, গোবিন্দপুর, কোরপাই ও হরিহলপাড়া এলাকার চাষিরা নিরাপদ এই সবজি উত্পাদন করছেন। কুমিল্লার পেইজ ডেভেলপমেন্ট সেন্টার পিকেএসএফের সহযোগিতায় চাষিরা তাদের জমিতে এই সবজি উত্পাদন করছেন। এসব এলাকার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে সবুজের মধ্যে নানা প্রজাতির সবজি। কোনোটি হলুদ, কোনোটি সবুজ। প্রান্তিক কৃষকদের অনেকে চিংড়া কেটে জমির পাশে স্তূপ করছেন। এসব চিংড়া দেখতে চালকুমড়ার মতো, এর রং হলুদ। চিংড়া সালাদ ও সবজি হিসেবে খাওয়া যায়। এছাড়া কেউ জমি থেকে বরবটি, কেউবা লাউ, পুঁইশাক, ঝিঙা, ডাঁটা, লালশাক কিংবা নানা জাতের সবজি তুলছেন।

লোহারচর গ্রামের আবুল বাসার জানান, এখানে গাজর, লালশাক, ডাঁটা, পুঁইশাক বেশ ভালো হয়েছে। গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীন জানান, এখানে চিংড়ার ফলন বেশ ভালো হয়েছে। পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের কৃষি কর্মকর্তা দীন মোহাম্মদ জানান, চলতি বছরের জুন মাস পর্যন্ত ১ হাজার ৭০৫ শতক জমিতে ১ লাখ ৪০ হাজার ৫০ কেজি সবজি উত্পাদিত হয়। এর বাজারমূল্য ১৭ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা। এছাড়া ১৪৫ শতক জমিতে রেড ক্যাবেজ, ক্যাপসিকাম, শালগম, ব্রকলি, গাজর ও বেবি তরমুজ উত্পাদন করা হয়। এতে ১২ হাজার ৪৬০ কেজি সবজি উত্পাদিত হয়। ৪ লাখ ৫ হাজার ৭০০ টাকায় এই সবজি বিক্রি করা হয়। পেইজের নির্বাহী পরিচালক লোকমান হাকিম জানান, সবজি চাষে গুটি ইউরিয়া ব্যবহার, ভার্মি কম্পোস্ট উত্পাদন ও ব্যবহার করে নিরাপদ সবজি চাষ করা হয়, এতে ভালো সাড়া পাওয়া গেছে।

পেইজের কৃষি বিভাগের উপপরিচালক মোসলেহউদ্দিন বলেন, ২০১৪ সালের জুলাই মাসে আমরা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাগমারা ও সুয়াগাজী এলাকায় সবজি চাষ শুরু করি। গতবছর থেকে এ পর্যন্ত ৭৫ জনকে প্রশিক্ষণ দিয়েছি। এরপর ২৩২টি প্রদর্শনী করেছি। ৪৫ দিনের মধ্যে সবজি চলে আসে এবং লাভও বেশি হয়, তাই বিষমুক্ত ও নিরাপদ সবজি চাষে চাষিদের আগ্রহ অনেক বেড়েছে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, বুড়িচং উপজেলার ২১টি গ্রামে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো উদ্যোগ। কুমিল্লা শহরে কৃষি বিপণন কেন্দ্র করে চাষিদের উত্পাদিত সবজি বিক্রির জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।