কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় ডিজিটাল লিংক নামের একটি কম্পিউটারের দোকানে জাল সার্টিফিকেট বিক্রির দায়ে কম্পিউটার অপারেটর আল ফয়সালকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ এইচ এম খোদাদাদ হোসেন এই দোকানে অভিযান চালান। রেজোয়ান আহম্মেদ তৌফিক এমপি ও সৈয়দা জাকিয়া নূর লিপি এমপির স্বাক্ষরিত ভুয়া সুপারিশপত্র, বিভিন্ন শিক্ষাবোর্ড ও বিশ্ববিদ্যালয়ের জাল সনদপত্র, ভুয়া জমির মাঠ পর্চা ইত্যাদি জব্দ করেন। বিচারক কম্পিউটারের হার্ডডিস্কটিও জব্দ করেন। পরে দোষ স্বীকার করায় কম্পিউটার অপারেটরকে উল্লেখিত দণ্ড প্রদান করা হয়। তাত্ক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করা হয়।